ফেনী পৌর শহরের চাড়িপুর এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে পথচারীরা ঝোপ থেকে শিশুর কান্নার শব্দ শুনে তাকে দেখতে পান।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ওড়নায় মোড়ানো অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান, নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, শিশুটির বয়স এক থেকে দুই দিন হতে পারে। রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি কীভাবে ঝোপে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।