বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা রাজনৈতিক নির্যাতনের ঘটনা ঘটেনি বলে স্পষ্টভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত এক প্রদর্শনী ও প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর নানা রাজনৈতিক ঘটনা ঘটলেও বিগত সরকারের মতো কাউকেই রাজনৈতিক কারণে কারাবন্দী করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি জানান, সরকার যখন দায়িত্ব নেয়, তখন পুলিশ বাহিনী অনেকটাই ভঙ্গুর অবস্থায় ছিল। বিগত ছয় মাসে তাদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি নৈতিকতার উন্নয়নে কাজ করা হয়েছে।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, তিনি নিজেও একসময় গুমের শিকার হয়েছিলেন। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই দেশে একটি কঠোর ও শক্তিশালী গুম বিরোধী আইন প্রতিষ্ঠার বিষয়ে সরকার আন্তরিক। তিনি বলেন, আজ আমরা ক্ষমতায় আছি, কাল নাও থাকতে পারি; কিন্তু এই আইনটি কার্যকর থাকলে গুমের শিকার যেকোনো নাগরিক সঠিক বিচার পাবেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরে তিনি জানান, র্যাবের নাম আনুষ্ঠানিকভাবে বাতিল করার একটি প্রস্তাবিত আইন ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে, যা খুব দ্রুত কার্যকর হবে। তবে বর্তমান যুগে প্রযুক্তিগত অপরাধ দমনে আধুনিক সক্ষমতাসম্পন্ন বিশেষায়িত কাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি মত দেন।
মানবাধিকার কমিশন সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় সংস্কৃতির উপযোগী আইন প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে।