জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপির সমালোচনা করলেই দলটি মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। তবে কোনো রাজনৈতিক দল ভুল পথে গেলে তার সমালোচনা করা প্রয়োজন। বিএনপি ধীরে ধীরে ভুল পথে গিয়ে ব্যর্থতার দিকে এগিয়ে গেলে এর প্রভাব শুধু দলটির ওপর পড়বে না, পুরো দেশের জন্যও ক্ষতির কারণ হবে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সমালোচনা করাকে দলটির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল ভুল পথে গেলে সেটি নিয়ে সমালোচনা হওয়া স্বাভাবিক। কারণ একটি দলের ব্যর্থতার প্রভাব শেষ পর্যন্ত দেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সংসদের ভেতরে কিংবা বাইরে লোকদেখানো বক্তব্য না দিয়ে বাস্তবে কাজ করে দেখাতে হবে। গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও যদি কেউ নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মন্ত্রীদের নিজ নিজ দপ্তরের সঠিক তথ্য ও প্রতিবেদন সংসদে যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানিয়ে সারজিস বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বা অস্পষ্ট তথ্য দেওয়া হলে জনগণের কাছে সরকারের জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়।
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল আসামিদের ভারতে গ্রেপ্তার করা হলেও তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সংসদে শুধু কথা বলা হচ্ছে। বিষয়টি বাস্তবতার নিরিখে স্পষ্ট নয়, ফলে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
সারজিস আলম বলেন, নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিশ্চিত বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম।
সভায় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।