চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে পাঁচ শিশু মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এতে পাঁচ শিশুরই মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।