আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৫৪ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ জানান, দাবানলে জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন মারা গেছেন। তিনি জানান, একই দিনে সিভিল প্রোটেকশন দলগুলো সারা দেশে অন্তত ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে।
বর্তমানে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। বিভিন্ন প্রদেশের আগুন নিয়ন্ত্রণে এলেও বেজাইয়া ও জিজেল এলাকায় এখনো দমকলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।