ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
পুলিশ সূত্রের খবর, চার আসনবিশিষ্ট দুই ইঞ্জিনের এই প্রশিক্ষণ বিমানটিতে একজন দক্ষ প্রশিক্ষক ও একজন শিক্ষানবিস পাইলট ছিলেন। দুর্ঘটনায় দুজনই প্রাণ হারান।
কানপুর নগর পুলিশের কমিশনার রঘুবীর লাল জানান, দুর্ঘটনাকবলিত বিমানের প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ঘটনার পরপরই বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) জানানো হয়েছে এবং তাদের একটি বিশেষজ্ঞ দল বিষয়টি তদন্ত করে দেখবে।
খবর পেয়ে উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে, নদীর তীরের ঝোপঝাড় ও গাছগাছালির মধ্যে বিমানটি আছড়ে পড়ে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ডানাসহ বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
কর্মকর্তারা জানান, আকাশে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এই ট্র্যাজেডি ঘটে, তবে কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ২০২৩ সালে এই বিমানটি প্রশিক্ষণ কেন্দ্রে যুক্ত করা হয়েছিল। এ ঘটনায় নিহত দুই পাইলটের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।