ইতালির ভেনিস শহরের একটি পার্ক। প্রতি শুক্রবার এখানে খোলা আকাশের নিচে জড়ো হন এক হাজারেরও বেশি মুসল্লি। নামাজ আদায়ের এই ব্যতিক্রম উদ্যোগ মুসলমানদের ধর্মীয় আনুগত্যের চিত্র যেমন তুলে ধরে, একইভাবে স্পষ্ট করে দেয়- সামাজিক ও রাজনৈতিক সংকট। ধর্মীয় স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে।
এই কর্মসূচি কোনো উৎসব নয়, প্রতিবাদ। শহরের একটি মসজিদ- মসজিদুল ইত্তেহাদে নামাজ আদায় স্থানীয় প্রশাসনের নির্দেশে নিষিদ্ধ করা হয়। প্রশাসনের ব্যাখ্যা, শহরের কেন্দ্রস্থলে নতুন কোনো উপাসনালয় নির্মাণ করা যাবে না। এমন একটি স্থানীয় আইনের আওতায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
স্থানীয় মুসলিম কমিউনিটি মনে করে, এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার চেষ্টা। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। বর্তমান ডানপন্থী সরকারের মুসলিমবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ।
এখানে মনে করিয়ে দেওয়া জরুরি, ইতালির সংবিধানের ১৯তম ধারা স্পষ্টভাবে বলে: “প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের, প্রচারের ও চর্চার পূর্ণ স্বাধীনতা রয়েছে, যতক্ষণ না তা জনশৃঙ্খলা বা নৈতিকতার বিরুদ্ধে না যায়।”