নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে নিরাপত্তার স্বার্থে ঘরে বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালে বসবাসকারী বা আটকে পড়া বাংলাদেশিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কোনো ধরনের জরুরি প্রয়োজনে +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে জেনারেশন জি-র আন্দোলন সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় জারি থাকা কারফিউ উপেক্ষা করে আন্দোলনকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছে। তারা শুধু দেউবার বাড়িতেই নয়, আরও কয়েকজন শীর্ষ নেতার বাসায়ও হামলা চালিয়েছে।
প্রচণ্ড উত্তেজনাকর এই পরিস্থিতিতে পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।