দেশে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এই ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮৫ জনে। পরিসংখ্যান অনুযায়ী, কেবল আগস্ট মাসেই চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন মারা গেছেন। এর আগে জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৯২৩ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬২ জন। এ নিয়ে সর্বমোট ২৭ হাজার ৭৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে সবচেয়ে বেশি রোগী সনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৩৮১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২১৫, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ৭১ এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।