রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় ড্রোন উড়িয়ে সময়োপযোগী তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক সময় যানজট তৈরি হয়, যার কারণ শনাক্ত করতে সময় লাগে। ড্রোনের মাধ্যমে এসব এলাকার তাৎক্ষণিক পরিস্থিতি জানা গেলে ট্রাফিক নিয়ন্ত্রণে দ্রুত নির্দেশনা দেওয়া সম্ভব হবে।
ডিএমপির পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে একটি ড্রোন দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হবে। ড্রোনটিতে ভয়েস সিস্টেম যুক্ত থাকবে, যার মাধ্যমে যানজট সৃষ্টি করা বা আইন লঙ্ঘনকারী চালকদের সরাসরি সতর্ক করা যাবে।
ভবিষ্যতে ড্রোনের সঙ্গে অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা ভিডিও মামলার আওতায় আনতে সাহায্য করবে। তবে প্রাথমিক পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে কোনো মামলা করা হবে না; ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানিয়েছে, ড্রোন থেকে তাৎক্ষণিক তথ্য পেতে প্রয়োজনীয় অবকাঠামো ও সার্ভার তৈরি করতে হবে। এরই মধ্যে তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ড্রোনের ব্যবহারে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা করছে ডিএমপি।