কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসক জানিয়েছেন, শিশুটির মধ্যে এখন পর্যন্ত জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তাদের পোষা একটি বিড়াল শিশুটিকে আঁচড় দিলে গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে বিড়ালের আঁচড়ের পর হাসপাতালে আনা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি।
শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা ও অস্বাভাবিক আচরণের বিষয়ে চিকিৎসক বলেন, এটি জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। ভয়, আতঙ্ক বা মানসিক চাপ থেকেও শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।
স্থানীয়দের মধ্যে ভিডিওটি নিয়ে কৌতূহল তৈরি হলেও বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।