বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের নিখোঁজ হিসেবে দেখানো হয়েছে। তবে উদ্ধারকারী দল এরই মধ্যে অভিযান শুরু করেছে।
নিখোঁজ নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়।
জানা গেছে, গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়। এরপর ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে। এর পরপরই ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গোপসাগরের ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকেও বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করা হয়েছে।
ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বিজিত নামের আরও একটি জাহাজ শ্রী বিজয়া পুরম থেকে অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিখোঁজ নাবিকদের সন্ধানে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।