প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় চলমান হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ চলচ্চিত্র অঙ্গনের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তাঁর মা নীলা চৌধুরী। তদন্তের প্রয়োজনে তাদের কাউকে আসামি করার প্রয়োজন হলে সেই উদ্যোগও নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর দিনকার ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাঁর মতে, ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলে মামলার তদন্তে নতুন তথ্য পাওয়া যেতে পারে।
তিনি বলেন, ডলি জহুর বিভিন্ন সময়ে সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। ফলে ওই সময় কী ঘটেছিল এবং সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন।
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেতা ডন হককে আটকের ঘটনায় অভিনেতা ডিপজলের সহযোগিতার কথাও উল্লেখ করেন নীলা চৌধুরী। তাঁর দাবি, ডিপজলকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হলে সে সময়কার চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। ডন হককে গ্রেপ্তারে সহযোগিতা করায় ডিপজলকে ধন্যবাদও জানান তিনি।
এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হত্যা মামলার আসামি ডন হকের ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেও প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা। এ বিষয়ে তদন্ত করে কারা তাকে সহায়তা করেছে, তা খুঁজে বের করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় নতুন তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।