জার্মানির কাছ থেকে ৬টি অত্যাধুনিক কনভেনশনাল সাবমেরিন কিনতে যাচ্ছে ভারত। এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার কোটি রুপি বাজেট নির্ধারণ করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ‘প্রোজেক্ট ৭৫ ইন্ডিয়া’ বা ‘পি-৭৫ ইন্ডিয়া’ নামে সাবমেরিন ক্রয়ের প্রস্তাবটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে এটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবটি অনুমোদিত হলে জার্মানির সামুদ্রিক প্রযুক্তি প্রতিষ্ঠান থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস) এবং ভারতের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড যৌথভাবে সাবমেরিনগুলো নির্মাণ করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এই সাবমেরিনগুলো হবে টাইপ-২১৪ শ্রেণির, যেখানে থাকবে ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন’ (এআইপি) প্রযুক্তি। এর ফলে সাধারণ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় এগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে।
প্রস্তাবিত সাবমেরিনগুলোর দৈর্ঘ্য হবে প্রায় ৬৫ মিটার। এগুলো বিশেষ ধরনের এইচওয়াই-১০০ ফেরোম্যাগনেটিক ইস্পাত দিয়ে তৈরি করা হবে, যা শত্রুপক্ষের নজরদারি এড়াতে সহায়তা করবে।
সাবমেরিনগুলোতে টর্পেডো, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা থাকবে বলে জানা গেছে।
ভারতের নৌবাহিনী ২০১৮ সালে নতুন প্রজন্মের সাবমেরিন তৈরির উদ্যোগ নেয়। শুরুতে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪৩ হাজার কোটি রুপি। দীর্ঘ প্রক্রিয়ার পর এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রকল্পটি সম্পন্ন হলে ভারত মহাসাগর অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগর ও আরব সাগরে ভারতের নৌ সক্ষমতা আরও বাড়বে।