ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী তারা। তবে মাঠের বাইরের সম্পর্কের মানবিক দিকটি আবারও সামনে আনলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবা হোর্হে মেসির মৃত্যুতে লিওনেল মেসির প্রতি সমবেদনা জানিয়ে ইনস্টাগ্রামে দেওয়া রোনালদোর মন্তব্য গড়েছে নতুন বিশ্বরেকর্ড।
সম্প্রতি বাবা হোর্হে মেসিকে হারান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টে মন্তব্য করে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান রোনালদো।
রোনালদো লিখেছিলেন, এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের জন্য রইল পরম উষ্ণ সমবেদনা, লিও। শক্ত থাকো।
রোনালদোর সেই মন্তব্য প্রকাশের তিন দিনেরও কম সময়ে ৬৫ লাখের বেশি লাইক পড়েছে। এর মধ্য দিয়ে ইনস্টাগ্রামের ইতিহাসে কোনো একটি কমেন্টে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা।
মজার ব্যাপার হলো, আগের রেকর্ডটিও ছিল রোনালদোর দখলে। ২০২৪ সালে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে রোনালদো লিখেছিলেন, এবার আমার দেখার পালা। বার্নাব্যুতে তোমাকে জ্বলে উঠতে দেখার অপেক্ষায় রইলাম।
২০২৫ সালের শেষ দিকে সেই মন্তব্যে ৬০ লাখ লাইক পূর্ণ হয়েছিল। এবার মেসির প্রতি সহমর্মিতা জানানো মন্তব্যে সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন রোনালদো।
মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসির কঠিন সময়ে রোনালদোর এই সহমর্মিতা দুই মহাতারকার ভক্তদের কাছেও বিশেষ বার্তা দিয়েছে। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে মানবিকতার এই উদাহরণ তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।