বগুড়ায় পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবাল হোসেন (৩০) হত্যার ঘটনায় রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর গ্রেপ্তার রাকিবুলের বাড়ি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরে।
গত শনিবার গভীর রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে এ হত্যাকাণ্ড ঘটে।
পরদিন রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানায়, তেল চুরি নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতেই সে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে ম্যানেজার ইকবালকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। এরপর পালিয়ে গিয়ে কালিয়াকৈরে আত্মগোপনে ছিল।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে। সেখানে ঘুমন্ত অবস্থায় ম্যানেজারকে হাতুড়ি দিয়ে আঘাতের দৃশ্য ধরা পড়ে।