হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন গ্যাসের মজুত পাওয়া গেছে। রশিদপুর-৩ নম্বর কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) সম্পন্ন হওয়ার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সেখানে গ্যাসের প্রবাহ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসজিএফএল জানায়, এ কূপ থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। বাজারদর অনুযায়ী এর অর্থমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।
সফল ওয়ার্কওভার কার্যক্রম
এসজিএফএল ও বাপেক্সের দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় রশিদপুর-৩ কূপের সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন হয়।
বর্তমানে সংস্থাটির অধীনে একাধিক কূপ খনন ও সংস্কার কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভার কার্যক্রম।
জ্বালানি খাতে আশার আলো
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি খাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মেটাতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।