বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতের জনগণও দুই দেশের মধ্যে সুন্দর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চায়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক থাকুক। আমাদের দেশের প্রধানমন্ত্রীও সুন্দর সম্পর্ক চান। ভবিষ্যতে ভালো কিছু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যু ও মতপার্থক্য থাকতেই পারে। তবে এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী।
এর আগে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।