সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
নওগাঁর আত্রাই উপজেলার নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা মো. সাইদুর রহমান; মো. কলিমউদ্দিন, পিতা মৃত বজলুর প্রামানিক; মো. মোহন ও মো. সুমন, পিতা গুফফার প্রামানিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল, পিতা মজনু রয়েছেন।
এ ছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত দুজন হলেন দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাংগাপাড়া এলাকার শ্যামলও এ ঘটনায় নিহত হয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তী সময়ে জানানো হবে।
তথ্যসূত্র: বাসস