পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বপন চন্দ্র (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা প্রেমিকা সুমি রানী আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, মাড়েয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি ফুটকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বপন চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা সুমি রানীও আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেলে দুর্ঘটনায় আহত অবস্থায় স্বপনকে হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুর নেওয়ার পথে সাকোয়া এলাকায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে আবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্রের মৃত্যু হয়েছে।
নিহতের খালাতো ভাই জানান, স্বপন ও তার প্রেমিকা সুমি ঘুরতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে স্বপনের মৃত্যু হয়।