রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া জাগানো মিজানুর রহমান মিজানকে (ভাইরাল মিজান) গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে রোববার (৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আগারগাঁও এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে নামে বিদ্যুৎ বিভাগ। এ সময় ফুটপাতের বিভিন্ন স্থাপনার সঙ্গে মিজানের দোকানের বিদ্যুৎ সংযোগ কাটতে যান সংশ্লিষ্টরা। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের ওপর চড়াও হন মিজান।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে তৈরি হওয়া বাগ্বিতণ্ডার একপর্যায়ে মিজান উপস্থিত সিটি করপোরেশনের কর্মী ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।