রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে স্বল্পমূল্যে খাবার বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া মিজানুর রহমানকে (ভাইরাল মিজান) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান ও সংশ্লিষ্ট কর্মচারীদের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটপাতসহ বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের একটি দল আগারগাঁও যায়। অভিযানে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি তাদের ওপর চড়াও হন।
ওসি আরও জানান, মিজান এ সময় অভিযানে যুক্ত সিটি করপোরেশনের কর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত, ডাল ও আলু খাওয়ার সুযোগ দিয়ে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মিজানুর রহমান। দোকানের নাম দিয়েছিলেন ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’, যা পরবর্তীতে নেটিজেনদের কাছে ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পায়। ব্যতিক্রমী এই পরিবেশনা ও খাবারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি লাভ করেন।