পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।
যেসব প্রতিষ্ঠানে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে, সেখানকার কর্মীরা শুক্রবারে এই ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন। তবে শারজাহর সরকারি কর্মীদের ক্ষেত্রে ছুটির হিসাব কিছুটা ভিন্ন, কারণ সেখানে আগে থেকেই শুক্রবার সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। তৎকালীন আরবের ‘আইয়ামে জাহেলিয়াত’ অর্থাৎ ঘোর সামাজিক অনাচার, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ডের মধ্য থেকে মানবজাতিকে আলোর পথ দেখাতে একই দিনে ধরাধামে আগমন ঘটেছিল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর। মহানবীর জীবন ও আদর্শ শান্তি, সততা ও মানবতার প্রতীক হওয়ায় বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপিত হয়।