মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি ও পরে তা স্থগিত করার অবস্থানকে ‘পুনরাবৃত্ত নাটুকে কূটনীতি’ বলে সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘বড় ধরনের হামলা আসছে… দাঁড়ান, বাদ দিন, তারা আলোচনা করতে চায়’ এটাই যুক্তরাষ্ট্রের বারবার দেখা দেওয়া নাটুকে কূটনীতির নমুনা।
তিনি অভিযোগ করেন, জোরজবরদস্তি, প্রতিশ্রুতি ভঙ্গ এবং ভুয়া তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্র যে কৌশল অনুসরণ করছে, তা ব্যর্থ হয়েছে। বাস্তবতা মেনে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো ‘নাটকের’ প্রয়োজন ইরানের নেই।
এদিকে একই দিনে ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
গত জুনে দুই পক্ষ সমঝোতা স্মারকে সই করে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু করলেও নিরাপত্তা নিশ্চয়তা এবং সমুদ্রপথে অবাধ চলাচল নিয়ে মতপার্থক্যের কারণে সেই আলোচনা অচল হয়ে পড়ে।
এর আগে ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনা, সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার হুমকি দিলেও পরে জানান, ইরান আলোচনায় আগ্রহ দেখানোয় সেই হামলা স্থগিত করা হয়েছে। তবে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিও হামলা স্থগিতের অন্যতম কারণ ছিল।