রাজধানীতে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশে প্রতীকী প্রতিবাদ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে তিনি মঞ্চের পেছনে যান। কিছুক্ষণ পর চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে এসে বক্তব্য রাখেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ সেই চেয়ার থেকে সরকারকে সরিয়ে দেবে।
তিনি আরও বলেন, সংসদীয় প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না হলে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে আদালতের মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সংঘর্ষে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী গুরুতর আহত হন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাতে তার একটি চোখের গোলক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।