স্পেনের কাতালোনিয়ার কোয়াত্রে কামিন্স কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যাকাণ্ডে দণ্ডিত এক বন্দিকে ফ্রান্স সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম উইলিয়াম মোরো এ। বৃহস্পতিবার বিকেলে পোর্তবো সীমান্ত এলাকায় তাকে আটক করে স্পেনের জাতীয় পুলিশ।
উইলিয়াম মোরো ২০২২ সালের নভেম্বরে বার্সেলোনার কাসানোভা সড়কের একটি অ্যাপার্টমেন্টে এক ব্যক্তিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার ঘটনায় দোষী সাব্যস্ত হন। এ অপরাধে তাকে ১০ বছর ৩ মাস ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
গত ২২ জুলাই কারাগারের তত্ত্বাবধানে একটি নির্ধারিত শিক্ষা ও পুনর্বাসনমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি পালিয়ে যান। ওই দিন বার্সেলোনার বর্ন এলাকা ঘুরে ফেরার পথে মারিনা সড়কে ট্রাফিক সিগন্যালে থামা গাড়ি থেকে নেমে তিনি পালিয়ে যান।
পরে পুলিশ অভিযান চালিয়ে ফ্রান্স সীমান্তে তাকে গ্রেপ্তার করে। এখন তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।