বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস গড়েছেন। তার বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ কাবুম রুকি কার্ড নিলামে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা ফুটবল ট্রেডিং কার্ড বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে।
প্যানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সংগ্রহের কালো রঙের এই কাবুম রুকি কার্ডটি ছিল পৃথিবীতে একমাত্র। ‘ওয়ান-অফ-ওয়ান’ হওয়ায় কার্ডটির আর কোনো অনুরূপ কপি নেই, ফলে সংগ্রাহকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। নিলামে বিপুল দামে বিক্রি হওয়ার মধ্য দিয়ে ইয়ামাল ছাড়িয়ে গেছেন ফুটবলের দুই কিংবদন্তি পেল ও লিওনেল মেসির স্মারক কার্ডের আগের রেকর্ড।
একই নিলামে ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী পেল-এর রুকি কার্ড ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে এবং লিওনেল মেসির বিশেষ সংস্করণের একটি কার্ড ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে বিক্রি হয়। তবে ইয়ামালের কাবুম কার্ডটি এই দুই রেকর্ডকেই পেছনে ফেলেছে।
শুধু কাবুম কার্ডই নয়, একই নিলামে ইয়ামালের আরও দুটি স্মারক বিক্রি হয়েছে। সব মিলিয়ে তার স্মারক বিক্রি থেকে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।
মাত্র অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান তৈরি করা ইয়ামালের জনপ্রিয়তা এখন মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে। তরুণ এই স্প্যানিশ তারকার পারফরম্যান্স, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আগ্রহের কারণে তার স্মারকের বাজারমূল্যও দ্রুত বাড়ছে বলে মনে করছেন সংগ্রাহকরা।
ফুটবল ইতিহাসে ট্রেডিং কার্ডের বাজারে সাধারণত কিংবদন্তি খেলোয়াড়দের আধিপত্য থাকলেও ইয়ামালের এই রেকর্ড প্রমাণ করছে, নতুন প্রজন্মের তারকারাও স্মারক বাজারে বড় প্রভাব ফেলতে শুরু করেছেন।