স্পেনের কাতালোনিয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কর্মসংস্থানে নতুন রেকর্ড গড়েছে। এ সময় কর্মরত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ লাখ ৯৭ হাজার ৮০০ জনে, যা আগের প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। এর মাধ্যমে অঞ্চলটিতে কর্মসংস্থানের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে।
স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) তথ্য অনুযায়ী, একই সময়ে পুরো দেশে কর্মরত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ২৭ লাখে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসেও সর্বোচ্চ।
এদিকে কাতালোনিয়ায় বেকারত্বের হার কমে ৭ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। বর্তমানে কাজের সন্ধানে রয়েছেন প্রায় ৩ লাখ ৪৩ হাজার মানুষ। মাত্র এক প্রান্তিকের ব্যবধানে বেকার মানুষের সংখ্যা প্রায় এক লাখ কমেছে। ২০২৪ সালের শেষ প্রান্তিক বাদ দিলে, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর এটিই সবচেয়ে কম বেকারত্বের হার।
পুরো স্পেনে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশে, যা ২০০৮ সালের পর সর্বনিম্ন। বর্তমানে দেশজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ কাজের সন্ধান করছেন।
বিশ্লেষকদের মতে, পর্যটন মৌসুম শুরু হওয়ায় সেবা খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি শিল্প ও নির্মাণ খাতেও নতুন কর্মসংস্থান বেড়েছে। তবে কৃষি খাতে কর্মরত মানুষের সংখ্যা সামান্য কমেছে।
এছাড়া অভিবাসীদের বৈধতা দেওয়ার সরকারি উদ্যোগও শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১ লাখ ৬০ হাজার অভিবাসী বৈধভাবে শ্রমবাজারে যুক্ত হয়েছেন। তাদের বেশিরভাগই হোটেল, বাণিজ্য ও সেবা খাতে কাজ শুরু করেছেন।