যুক্তরাজ্যের ইংল্যান্ডের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় একই পরিবারের তিন ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রবল জোয়ারের স্রোতে এক শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা (শ্যালী) রহমান, তাদের ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান এবং সেলিনার বোনের ছেলে ৯ বছর বয়সী মুসা আহমেদ।
নিহত সেলিনা রহমান (৪২) যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী। মনসুর রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেলে পরিবারের সদস্যরা এসেক্সের কোলচেস্টারের কাছে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে যান। এ সময় মুসা আহমেদ প্রবল জোয়ারের স্রোতে ভেসে যেতে শুরু করলে তাকে বাঁচাতে দ্রুত পানিতে ঝাঁপ দেন খালা সেলিনা রহমান ও তার মেয়ে সামিয়া। কিন্তু শক্তিশালী স্রোতে তিনজনই তলিয়ে যান।
ঘটনার খবর পেয়ে এসেক্স পুলিশ, উপকূলরক্ষী বাহিনী, লাইফবোট ক্রু, কোস্টগার্ডের হেলিকপ্টার এবং এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, পরিবারের সদস্যরা একটি আনন্দঘন গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যেই সেই আনন্দ পরিণত হয় আজীবনের শোকে।
শেখ মনসুর রহমানের ভাই শেখ মাহফুজুর রহমান মুন্না জানান, নিহতদের মরদেহ বাংলাদেশে এনে দাফন করা হবে কি না, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় এলাকায় জোয়ারের পানি দ্রুত বাড়ছিল এবং সমুদ্রসৈকটের কিছু অংশে স্রোত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে এসেক্স পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছে কোনো ছবি বা ভিডিও থাকলে তা তদন্তে সহায়তার জন্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ পুলিশের প্রাথমিক বিবৃতিতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও পরে পরিবারের সদস্যদের উদ্ধৃত করে বাংলাদেশি সংবাদমাধ্যম জানায়, ৯ বছর বয়সী মুসা আহমেদও মারা গেছেন। ফলে সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা তিনজন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।