মালয়েশিয়ার সেলাঙ্গরের পুঞ্চাক আলমে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ফুড ডেলিভারি রাইডারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক বাংলাদেশি শ্রমিক আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
শুক্রবার শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে ২৮ বছর বয়সী মো. হাবিবুল্লাহ-এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তিনি দোষ স্বীকার করেননি। ম্যাজিস্ট্রেট আমিরা মাস্তুরা খামিস-এর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ২১ জুলাই রাত ৮টা ২৩ মিনিটে পুঞ্চাক আলমের জালান পারসিয়ারান মোখতার দাহারি সড়কের ট্রাফিক সিগন্যাল সংলগ্ন মোড়ে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় একটি নিসান আলমেরা গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। এতে ২৮ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার মুহাম্মদ জাফনি বাহারুদিন নিহত হন।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।
আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।