বার্সেলোনা, স্পেন: স্পেনের বার্সেলোনা শহরের প্লাসা দে সান্তস (Plaça de Sants) মেট্রো স্টেশনের প্রবেশপথে চলমান নির্মাণকাজের সময় গ্যাস লিক থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার রাত ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার বিকেলেই স্টেশনে চলমান নির্মাণকাজের সময় একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক শুরু হয়। পরে পাইপলাইন মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে বিশাল আগুনের শিখা ছড়িয়ে পড়ে। তবে বার্সেলোনা সিটি কাউন্সিল জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে চলমান নির্মাণকাজের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আহতদের সবাই পুরুষ এবং তাদের মধ্যে কয়েকজন নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় বার্সেলোনার ভায় দে হেবরন (Vall d’Hebron) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুজন মাঝারি আহতকে একই হাসপাতালে নেওয়া হয়েছে। একজন মাঝারি আহত এবং তিনজন সামান্য আহতকে হসপিতাল ক্লিনিক (Hospital Clínic)-এ চিকিৎসা দেওয়া হচ্ছে। মোট আহতদের মধ্যে দুজন গুরুতর, তিনজন মাঝারি এবং তিনজন সামান্য আহত।

ঘটনার খবর পেয়ে বার্সেলোনা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং জরুরি চিকিৎসাসেবা (SEM)-এর ৮টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আশপাশের এলাকা নিরাপদ রাখতে পুলিশ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বার্সেলোনা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্লারা লাতোরে জানান, গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আগুন নেভানো সম্ভব হবে না। কারণ, গ্যাস সরবরাহ নেটওয়ার্কের বিভিন্ন অংশ বন্ধ করে লিক নিয়ন্ত্রণ করতে হচ্ছে, যা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া।
ঘটনাস্থল পরিদর্শন করে বার্সেলোনার মেয়র জাউমে কোলবোনি জানান, দমকল বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীরা সারারাত কাজ চালিয়ে যাবেন। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘটনার পর কাতালোনিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ (Procicat) সতর্কতামূলক ‘প্রি-অ্যালার্ট’ জারি করেছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে প্লাসা দে সান্তস মেট্রো স্টেশনে প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম যাত্রীদের সুবিধার্থে লিফট স্থাপন, স্টেশন আধুনিকায়ন এবং এল–১ (L1) লাইনের রেলপথ সংস্কারের কাজ চলছে। সংস্কারকাজের অংশ হিসেবে পাথরের বেড (ব্যালাস্ট) সরিয়ে কংক্রিটের ভিত্তি নির্মাণ করা হচ্ছে, যাতে ট্রেন চলাচল আরও নির্ভরযোগ্য হয় এবং কম্পন কমে।
এ কাজের কারণে ফ্লোরিদা (Florida) থেকে প্লাসা দে সান্তস পর্যন্ত এল–১ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হোস্তাফ্রাঙ্কস (Hostafrancs) স্টেশন থেকে বিশেষ পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে। কর্তৃপক্ষ বিকল্প হিসেবে এফজিসি (FGC) এবং রোদালিয়েস (Rodalies) ট্রেন ব্যবহারের পরামর্শ দিয়েছে।