সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে শক্তভাবে ধরে রেখে আক্রমণাত্মক আচরণ করছেন। পরে তিনি নিজেকে ছাড়িয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন।
একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও অশালীন ভাষায় গালাগাল করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার টানও স্পষ্টভাবে লক্ষ করা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছেন এবং একে অন্যকে হামলা চালাতে উসকানি দিচ্ছেন।
তবে এই হামলার সুনির্দিষ্ট কারণ কিংবা কারা এতে জড়িত, সে বিষয়ে এখনো ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার পেছনে বিভিন্ন কারণ নিয়ে নানা দাবি উঠলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জন্ম নেওয়া তিনি বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করে পরিচিতি লাভ করেছেন। ভ্রমণবিষয়ক কনটেন্টের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়েও তিনি মতামত প্রকাশ করে থাকেন।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।