স্পেনের বার্সেলোনায় নলুয়া প্রবাসী সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংঘের নবনির্বাচিত সভাপতি আবিদুল ইসলাম আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনটি সুনামগঞ্জের নলুয়া হাওর-সংলগ্ন এলাকার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত।
অনুষ্ঠানের শুরুতে সংঘের অতীতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ এবং অর্জনের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর রতনেশ্বর সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ইউসুফ, আব্দুস সোবহান ও নজরুল ইসলাম আবির। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ, কার্যকরী কমিটির সদস্য এবং বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, নলুয়া প্রবাসী সংঘ ইতোমধ্যে নিজ এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও সংগঠনটি আরও বৃহত্তর পরিসরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।