স্পেনের ফুটবল বিশ্বকাপ জয় উদ্যাপন করতে গিয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে স্পেনের সালামাঙ্কা প্রদেশের সিউদাদ রদ্রিগো শহরে।
স্থানীয় সময় গভীর রাতে শতাধিক মানুষ শহরের ‘গ্লোরিয়েতা দেল আরবোল গোরদো’ এলাকার একটি ঝরনাকে ঘিরে আনন্দ উদ্যাপন করছিলেন। এ সময় ঝরনার উপরের অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে সেখানে থাকা কয়েকজন চাপা পড়ে আহত হন।
আহত তিনজনকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তাদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আরেক কিশোরের পা ভেঙে যাওয়ায় তাকে গুরুতর অবস্থায় সালামাঙ্কার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী, জরুরি চিকিৎসাসেবা এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। নিহতের পরিবারের সদস্যদের মানসিক সহায়তা দিতে বিশেষ মনোসামাজিক সহায়তা দলও মোতায়েন করা হয়েছে।
সিউদাদ রদ্রিগো পৌরসভা জানিয়েছে, ঝরনাটিতে আগে কোনো ধরনের ত্রুটি বা ক্ষতির তথ্য তাদের জানা ছিল না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা পরীক্ষা করা হতো বলেও দাবি করেছে তারা।
এই ঘটনায় পুরো শহরে শোকের ছায়া নেমে এসেছে। পৌর কর্তৃপক্ষ ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া সোমবার সন্ধ্যা ৬টায় নিহত কিশোরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
স্থানীয়দের ভাষ্য, শহরে বড় কোনো সাফল্য বা উৎসবের সময় এই ঝরনার কাছেই সাধারণত মানুষ জড়ো হয়ে উদ্যাপন করেন। কিন্তু এবারের আনন্দের মুহূর্তই এক মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়েছে।