রাজধানীতে আকস্মিক মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন (পাভেল)সহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন (৫০), পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন অভি (২৯), বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম (৬৫), বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান হাওলাদার (৪৩), বংশাল থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ড নেতা দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব থানার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন (৬০)
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন শুধু পরিকল্পনায় নয়, এসব কার্যক্রমে আর্থিক সহায়তাও দিতেন।
গ্রেপ্তার সবার বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, আকস্মিক মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা এবং নাশকতার পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে দাবি করেছে ডিবি।