আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে ভোটার সদস্য নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই ছিল সদস্য নিবন্ধনের শেষ দিন।
এবারের নির্বাচনে অংশ নেওয়া ‘মাশুক-শুকুর-নুরুল’ প্যানেলের পক্ষ থেকে ১৪২ জন এবং ‘নজরুল-মুহিব-মুকিত’ প্যানেলের পক্ষ থেকে ২৫ জন নতুন সদস্যের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। সর্বমোট ১৬৭ জন সদস্যের আবেদন গৃহীত হওয়ার মাধ্যমে সংগঠনের তহবিলে জমা পড়েছে ৩৩ হাজার ৪০০ পাউন্ড, যা সংগঠনের ইতিহাসে একটি নতুন রেকর্ড ও গুরুত্বপূর্ণ মাইলফলক।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহিদ আহমেদের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শামীম আহমেদ, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আফসারুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মাসুক আহমেদ এবং মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী ১৬ আগস্টের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।