বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উভয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, চলমান সংস্কার কর্মসূচি, উন্নয়ন অগ্রাধিকার এবং মানবিক ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
গোয়েন লুইস বলেন, “জাতিসংঘ পুরোপুরি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পক্ষে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘ তাদের সহায়তা অব্যাহত রাখবে।
সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করে বলেন, মানবিক সহায়তা ক্রমশ কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা তহবিলের ঘাটতি পূরণে বৈশ্বিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া বৈঠকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের সভা এবং এ মাসের শেষে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
জাতিসংঘ আবাসিক সমন্বয়ক লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি সংস্থাটির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস দেন।