মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরে ফেলে সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের স্বামী মো. মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পিবিআই জানায়, পারিবারিক কলহের জেরে গত ৬ জুলাই স্ত্রী আয়েশা আক্তার (২৮)-এর সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে মুহাসিন মাতুব্বর তার গলা চেপে ধরলে তিনি মারা যান। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে মরদেহ বিছানায় ফেলে রেখে চার বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর নিহতের ভাই টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৮ জুলাই অভিযুক্তকে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই সূত্র জানায়, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন।
পিবিআই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আয়েশা আরা জাহান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।