দুইবারের মতো নয়, এবারও ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন অধরাই রইল ব্রাজিলের। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। ম্যাথেউস কুনিয়াকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। কিন্তু ব্রুনো গিমারায়েসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।
এর আগে নরওয়ের প্যাট্রিক বার্গ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
প্রথমার্ধে ব্রাজিল পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো শটও নিল্যান্ড রুখে দেন। অন্যদিকে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারও মার্টিন ওডেগারের একটি বিপজ্জনক শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। ভিনিসিয়ুসের দারুণ পাস থেকে সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।
এরপর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তবে আক্রমণের গতি বাড়ানোর বদলে গোল পেয়ে যায় নরওয়ে। বাম দিক থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রসে হেড করে দলের প্রথম গোল করেন আর্লিং হালান্ড। এটি ছিল এবারের বিশ্বকাপে তার ষষ্ঠ গোল।
ম্যাচের শেষ মিনিটে আবারও গোল করেন হালান্ড। নিচু শটে বল জালে পাঠিয়ে নরওয়ের জয় নিশ্চিত করেন এই তারকা স্ট্রাইকার।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন নেইমার। তবে ততক্ষণে ম্যাচ নরওয়ের নিয়ন্ত্রণে চলে যায়।
এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। অন্যদিকে ২০০২ সালের পর থেকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো ব্রাজিলের।