স্পেনের বার্সেলোনার সাগরেরা এলাকার পেগাসো পার্কে ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কাতালোনিয়ার পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে মেরিদিয়ানা এলাকার কাছে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে মামলার তদন্ত এখনও চলছে এবং তদন্তের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।
পুলিশ জানায়, মধ্যরাতের দিকে পর্তুগাল সড়ক এলাকায় গুলির শব্দ শুনে কয়েকজন প্রত্যক্ষদর্শী জরুরি সেবায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
কাতালোনিয়া পুলিশের মহাপরিচালক জোসেপ লুইস ত্রাপেরো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হামলা ছিল এবং হামলার লক্ষ্য ছিল ওই কিশোর। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।