আগামীকাল ৩ সেপ্টেম্বর (বুধবার) স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় স্থানীয় বাংলাদেশি যুব সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে “ওপেন কনসার্ট, বাংলাদেশি মিলনমেলা।”
কাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১ পর্যন্ত বার্সেলোনা শহরের ঐতিহাসিক ‘প্লাসা উনিভার্সিতাত’-এ অনুষ্ঠিতব্য উক্ত মেলায় গান পরিবেশন করবেন বাংলাদেশের বিখ্যাত সংগীত শিল্পী বালাম। এ ছাড়া গান পরিবেশন করবেন মানসিব (ইটালি), শিথী সাহা (বাংলাদেশ), ইমতিয়াজ বাবু (আমেরিকা), সান্টু (ইটালি), জিসা শ্যাম ((ইটালি), সুনন্দা প্রমি, ফয়সাল ও বর্ষা।
কনসার্টের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউস।
এছাড়া বার্সেলোনা এবং কাতালোনিয়ার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবেন বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
ওপেন কনসার্ট ঘিরে বিভিন্ন স্টলে ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, চটপটি, বিরিয়ানি, আচার, পান সুপারিসহ নানা খাবারের সমাহার থাকবে।
সংগঠনের সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, ইতোমধ্যে কনসার্টের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা সকল বাংলাদেশিদের কনসার্টে উপস্থিত হয়ে বাংলাদেশিদের এই আনন্দ আয়োজনকে সুন্দর ও আনন্দঘন করে তোলার জন্য আন্তরিক আহ্বান জানান।