ভেনেজুয়েলায় প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে প্রায় এক দিন আটকে থাকার পর অলৌকিকভাবে বেঁচে ফিরেছে ১৮ দিন বয়সী এক নবজাতক এবং তার মা। লা গুয়াইরা রাজ্যের একটি ৮ তলা ভবন ধসে পড়ার পর সেখান থেকে দায়ানা পাতিনো ও তার শিশুপুত্র হুয়ান ডেভিডকে উদ্ধার করা হয়। এই হৃদয়স্পর্শী ঘটনাটি এখন দুর্যোগকবলিত ভেনেজুয়েলায় পরম ‘আশার প্রতীক’ হয়ে উঠেছে।
ধ্বংসস্তূপের নিচে অন্ধকারের মাঝে সন্তানকে বুকে জড়িয়ে বাঁচার লড়াই চালিয়ে যান মা দায়ানা। তিনি জানান, শিশুর শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করে এবং বাইবেল স্পর্শ করে তিনি টিকে থাকার মানসিক শক্তি পেয়েছিলেন। পরে বৃহস্পতিবার রাতে দায়ানার ভাইয়ের তৎপরতায় এক ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের মাধ্যমে মা ও শিশুকে বের করে আনা হয়।
চোখের সামনে ভবন ধসে পড়ায় স্ত্রী-সন্তানকে মৃত ভেবেছিলেন বাবা গেরসন। উদ্ধারের পর সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “মনে হলো আমি নিজেই নতুন জন্ম পেয়েছি।” জোড়া ভূমিকম্পে দেশটিতে ইতোমধ্যে ১,৪৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব হারিয়েও বেঁচে থাকার আনন্দে নতুন করে শূন্য থেকে শুরুর প্রত্যয় ব্যক্ত করেছে এই দম্পতি।