ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) উপজেলার পৃথক দুটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে লিপি আক্তার (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
একই দিন বিকেলে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামে নাছরিন আক্তার (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুলু মুন্সীর মেয়ে।
পুলিশ জানায়, নাছরিন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ছিলেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢোকেন। সেখানে নাছরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন বলেন, দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।