জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে (Stade) শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার হামলার ঘটনাটি ঘটে হামবুর্গ শহরের কাছাকাছি অবস্থিত স্টাডের একটি যুব কল্যাণকেন্দ্রে। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনই প্রাপ্তবয়স্ক। এছাড়া কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।

পুলিশের এক মুখপাত্র জানান, আটক দুইজনের মধ্যে একজনকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে। অন্য ব্যক্তির ভূমিকা কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন পলাতক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
হামলার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটির পেছনের উদ্দেশ্য এবং কীভাবে পুরো ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে।
স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত এবং সেখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। স্থানীয় গণমাধ্যমের খবরে প্রথমে বলা হয়েছিল, শহরের কেন্দ্রের কাছে একটি যুবকেন্দ্রের পাশেই হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশ পরে জানায়, ঘটনাটি একটি যুব কল্যাণসেবাকেন্দ্রে সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে অস্ত্র আইন অনেক কঠোর। ফলে দেশটিতে গণগুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও মাঝে-মধ্যে এমন মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।