বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তার মাতৃত্বের যাত্রা অন্যদের মতো সাধারণ নয়—প্রথম কন্যা নিশা কউর ওয়েবার এসেছে দত্তকের মাধ্যমে, আর দুই যমজ ছেলে নোয়া ও অ্যাশর জন্ম নিয়েছে সারোগেসির মাধ্যমে।
ভক্তদের অনেকেই প্রশ্ন করেছেন, কেন নিজে গর্ভধারণ করেননি সানি। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এই প্রশ্নের জবাব দেন তিনি।
সানি খোলামেলা জানালেন, ছোটবেলা থেকেই তিনি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। সেই ভাবনা অনুযায়ী ২০১৭ সালে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে কন্যা নিশাকে দত্তক নেন। পরের বছর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে যমজ ছেলে জন্ম নেয়।
নিজে গর্ভধারণ না করার কারণ জানাতে গিয়ে সানি বলেন, “আমি কখনোই গর্ভধারণ করতে চাইনি। আমি জানতাম, আমার জন্য মাতৃত্বের পথটা ভিন্ন হবে।”
তিনি আরও জানান, সারোগেসির মাধ্যমে মা হওয়ার সময় সারোগেট মাকে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট টাকা দেওয়া হতো। সেই অর্থে সারোগেট মা একটি বাড়ি কিনে ফেলেন এবং পরে বিয়েও করেন।
পডকাস্টে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। সানি বলেন, “সন্তান দত্তক, সারোগেসি বা গর্ভধারণ—যেভাবেই হোক না কেন, মায়ের অনুভূতি সবার জন্য সমান।”
উল্লেখ্য, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানি লিওন। একসময় দু’জনই প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরে সানি নিয়মিত বলিউডে অভিনয় শুরু করেন। বর্তমানে তিন সন্তানকে ঘিরেই তার সংসার ও ব্যস্ততা।