সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক ব্যবসায়ীর সঙ্গে নাম জড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের খবরকে সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ওই ব্যবসায়ীকে নিজের ‘কথিত স্বামী’ হিসেবে দাবি করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে একে সম্পূর্ণ মিথ্যা বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি বলেন:
“সে আমার স্বামী, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে সে যা চাইবে আমি তাই দেব। কারণ এমন কোনো সম্পর্ক আমাদের মাঝে কখনোই ছিল না এবং এই দাবির পক্ষে কারও কাছে কোনো প্রমাণও নেই।”
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিজের সম্পৃক্ততার স্পষ্ট ব্যাখ্যা দিয়ে ববি জানান, সেখানে তাঁর কোনো অফিশিয়াল পদ বা সম্পর্ক ছিল না। যতটুকু যোগাযোগ ছিল, তা কেবলই পেশাগত। তিনি বলেন, “কোনো অনুষ্ঠানে বা অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে ছবি তোলে, বসার ব্যবস্থা করে। সেই ছবিগুলো ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।”
শুরুতে এসব গুজবকে গুরুত্ব না দিলেও, বিষয়টি পরিবার পর্যন্ত গড়ানোর পর আর চুপ থাকতে পারেননি এই নায়িকা। ববি জানান, তাঁর পরিবার দেশের বাইরে থাকে। গণমাধ্যমে এমন দায়িত্বহীন সংবাদ দেখে তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন।
ক্ষোভ প্রকাশ করে ববি বলেন:
“সংবাদে যা আসে, সবকিছু যে সত্য নয়—সেটা সবাই বুঝতে পারে না। আমার মা এসব দেখে অসুস্থ হয়ে গেছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এগুলো ভুয়া খবর। পরিবার যখন অকারণে কষ্ট পায়, তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না।”
“আমার প্রশ্ন হলো—বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি ‘স্বামী’ বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে?”
কিছু গণমাধ্যমের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন তুলে ববি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এই পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। তথ্য যাচাই ছাড়া খবর প্রকাশ করলে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কতটা মারাত্মক প্রভাব পড়তে পারে, তা সাংবাদিকদের ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি। নিজের পরিচ্ছন্ন ক্যারিয়ারের কথা উল্লেখ করে ববি বলেন, আলোচনায় আসার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাঁর নাম ব্যবহার করে এই বিতর্ক তৈরি করা হয়েছে।