ইউরোপের বিভিন্ন দেশে আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের কিছু অঞ্চলে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।
ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (ECMWF)-এর তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৫ জুনের মধ্যে তাপপ্রবাহ সবচেয়ে বেশি তীব্র হবে। এ সময় ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা একই সময়ে সেভিয়া বা মরক্কোর মারাকেশের চেয়েও বেশি।
আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশগুলোর একটি। ফলে সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র আকারে দেখা যাচ্ছে।
স্পেনের কাতালোনিয়াতেও গরম বাড়বে। বার্সেলোনায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলীয় এলাকার কারণে শহরটি ইউরোপের সবচেয়ে তীব্র তাপপ্রবাহের অঞ্চলগুলোর মধ্যে পড়বে না।
আগামী সপ্তাহে ইউরোপের প্রধান শহরগুলোর সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা (°C):
| শহর | সোম | মঙ্গল | বুধ | বৃহস্পতি | শুক্র |
|---|---|---|---|---|---|
| বার্সেলোনা | 35° | 32° | 33° | 32° | 33° |
| মাদ্রিদ | 38° | 38° | 36° | 33° | 32° |
| সেভিয়া | 38° | 38° | 37° | 31° | 32° |
| মারাকেশ | 37° | 34° | 34° | 34° | 33° |
| প্যারিস | 40° | 40° | 41° | 40° | 37° |
| লন্ডন | 29° | 37° | 36° | 29° | 29° |
| রোম | 39° | 40° | 40° | 39° | 34° |
| মিউনিখ | 33° | 33° | 33° | 33° | 33° |
| বার্লিন | 30° | 31° | 36° | 30° | 30° |
বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।