ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকবে।
সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধ কি না— এ নিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আসে। রিটটি দায়ের করেছিলেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।
রিট আবেদনে দাবি করা হয়, জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন— যা প্রার্থিতার শর্ত লঙ্ঘন করে।
তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। অন্যদিকে বামপন্থী সংগঠনগুলো দুটি ভিন্ন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। সব মিলিয়ে পুরো ও আংশিক— প্রায় ১০টি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।