গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক দল।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন। নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। আর চোখে জমে থাকা রক্ত দুই সপ্তাহের মধ্যে সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
পরিচালক আরও জানান, নুরকে স্বাভাবিক খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে খাবার খাওয়ার সময় তিনি কিছুটা ব্যথা অনুভব করছেন, যা সময়ের সঙ্গে কমে যাবে। তিনি বলেন, “প্রথম দিকে নাক থেকে হওয়া রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার তা বেরিয়ে এসেছে। এতে উদ্বেগের কিছু নেই। চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।”
গত শুক্রবার রাতে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জ ও হামলায় গুরুতর আহত হন নুর। মাথায় আঘাত, নাক ও চোয়ালের হাড় ভাঙা এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন।