বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাংবাদিক হত্যা-হয়রানি, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা, বিচারহীনতা এবং নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন (সোমবার) পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকে’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া। সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও নাট্যকার ডেভিড লি মরগান।
ডেভিড লি মরগান তার বক্তব্যে বলেন, “মানবাধিকার, ন্যায়বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। বাংলাদেশে এসব মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— যুক্তরাজ্য হিউম্যান রাইটসের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর পুস্পিতা গুপ্ত, মুক্তি টেলিভিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম অকিব, মানবাধিকার কর্মী তামিম আহমেদ এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের সভাপতি আশিকুল ইসলাম আশিক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমদাদুন খান, সরণ আহমেদ, রেবেকা ইসলাম, তারেক রায়হান, হাফিজুর রহমান, পিকুল শেখ, আব্দুর রশীদ, আল জাবির, সুদীপ্ত শর্মা, মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, নুসরাত জাহান পর্না, সামসুদ্দিন নোমান, এমডি মাসুম আহমদ ও শরীফ আহমেদ।
বক্তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সাংবাদিকদের নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করে অবিলম্বে সব সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার পক্ষে স্লোগান দেন। পরিশেষে, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।